
বাংলা রিডার ডেস্ক
এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এর আগে সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। অর্থাৎ, এলপিজির ১২ কেজি সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বাড়লো।
এপ্রিলের শুরু ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। তখন ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছিল ৩৮৭ টাকা। মাত্র ১৮ দিনের ব্যবধান তা আরও এক দফায় ২১২ টাকা বাড়ানো হলো।
এবার প্রতি কেজি এলপি গ্যাসে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এপ্রিলের শুরুতে কেজিপ্রতি বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা
ভোক্তাপর্যায়ে বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৮৮৯ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ২১ টাকা, ১৫ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৪২৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৫৮৭ টাকা, ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৯১০ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম তিন হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি ২২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৫৫৭ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম চার হাজার ৪২ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম চার হাজার ৮৫০ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৩৩৫ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৬৫৮ টাকা ও ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে সাত হাজার ২৭৫ টাকা।
বিইআরসি জানিয়েছে, এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেড্রারের প্রিমিয়াম চার্জ এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছে।



