চীনা বিনিয়োগকারীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান: বাংলাদেশে কাজে লাগান নতুন সম্ভাবনা

বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশকে ব্যবসা ও বিনিয়োগের জন্য একটি উন্মুক্ত ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে উল্লেখ করে চীনা উদ্যোক্তাদের আরও বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য পুরোপুরি প্রস্তুত এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের দ্রুত বিকাশমান অর্থনীতি, তরুণ কর্মশক্তি এবং কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে চীনা কোম্পানিগুলো উল্লেখযোগ্য সুবিধা অর্জন করতে পারে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের ঐতিহ্যবাহী ‘দিয়াওইউতাই হোটেল’-এ আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই বিশেষ সম্মেলনের আয়োজন করে।

আজ চীনের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এই সম্মেলনে চীনের ১২৫ জন শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ-সুবিধা ও সম্ভাবনার ওপর চীনা ব্যবসায়ীদের সামনে একটি বিশেষ ও আকর্ষণীয় প্রেজেন্টেশন তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

চীনা বিনিয়োগকারীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগ সংক্রান্ত কার্যপ্রণালী সম্পূর্ণ ঢেলে সাজাতে বর্তমান সরকার একটি যুগান্তকারী ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো আমলাতান্ত্রিক জটিলতা পুরোপুরি দূর করা, সরকারি সব সেবা ডিজিটালাইজেশনের আওতায় আনা, দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং একটি শতভাগ নিরাপদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা।বাংলাদেশ সংবাদ

প্রধানমন্ত্রী আরো ঘোষণা করেন, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের আরো দ্রুত, কার্যকর ও ডেডিকেটেড সেবা প্রদানের লক্ষ্যে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে।

এ সময় বিনিয়োগ আকর্ষণের এই মেগা সম্মেলনে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন- পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

বিজ্ঞাপন

Recommended For You