
বাংলা রিডার ডেস্ক
সরকারি সেবাখাতের মধ্যে দুর্নীতির দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ঘুষ দেওয়ার অভিজ্ঞতার মুখোমুখি হওয়া পরিবারের হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ, যা ৭৬ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ সেবা গ্রহণকারীদের বড় একটি অংশ পাসপোর্ট প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষের শিকার হয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
ভৌগোলিক অবস্থানভেদে এই হার গ্রামাঞ্চলে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।
পাসপোর্ট অফিসের পর অন্যান্য প্রধান সেবা খাতগুলোর ঘুষের হার যথাক্রমে—বিআরটিএ ৬৩ দশমিক ৫ শতাংশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৪৯ দশমিক ৩ শতাংশ, কৃষি ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবা ৪৭ দশমিক ৬ শতাংশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সার্বিকভাবে দেশের ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি খাতে ঘুষের শিকার হয়েছে, যার মধ্যে পাসপোর্ট খাতের চিত্রটি সবচেয়ে উদ্বেগজনক।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।



