
বাংলা রিডার ডেস্ক
মাসিক শিক্ষা ও অর্থনীতি বিষয়ক পত্রিকা বিশ্ববিদ্যালয় পরিক্রমার উদ্যোগে রাজশাহী বিভাগের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শিক্ষার প্রসারের পাশাপাশি মাদকমুক্ত, স্বাবলম্বী ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২০ জুন ২০২৬) বিকেল ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী-৩ পবা মোহনপুর আসনের সাংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার সম্পাদক হারুন অর রশিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী বিভাগের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।



