
বাংলা রিডার ডেস্ক
মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক উদ্বেগজনক খবর। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনের বরাতে বলা হয়, আইসিসি বাংলাদেশের দাবি মানেনি এবং বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট কাটা পড়বে। রাত পেরোনোর আগেই এই খবর ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা ও উৎকণ্ঠা।
অনেকে প্রশ্ন তুলতে থাকেন—খবরটি কতটা সত্য? বাংলাদেশ কি তাহলে বিশ্বকাপে অংশ নেবে না?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক পরিচালক ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। সংশ্লিষ্ট সবাই একই কথা জানান—এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে বিসিবিকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুধবার বলেন, “ক্রিকইনফোর এই খবর সঠিক নয়। আইসিসি কখনোই বলেনি যে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে অবশ্যই ভারতে যেতে হবে। আমাদের সঙ্গে আইসিসির একাধিক কর্মকর্তার নিয়মিত যোগাযোগ হচ্ছে।”
তিনি আরও জানান, “আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে—কেন বাংলাদেশ ভারতে খেলতে চায় না। আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়েছি, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই আমাদের আপত্তি। এ কারণেই আমরা ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক।”
বিসিবি সভাপতি জানান, আইসিসি সম্প্রতি আবারও বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলোর বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। কোন কোন কারণে বাংলাদেশ মনে করছে ভারতের মাটিতে খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে—সে বিষয়ে পূর্ণাঙ্গ বিবরণ দিতে বলা হয়েছে।
“এই ব্যাখ্যা দেওয়ার পরই আইসিসি তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু হঠাৎ করে বলা হচ্ছে—ভারতে না খেললে বাংলাদেশকে বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে বা পয়েন্ট কাটা যাবে—এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা,” স্পষ্ট ভাষায় বলেন আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবির এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হলো, ভারতেই খেলতে হবে—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আইসিসির পক্ষ থেকে আসেনি।



