আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলা রিডার ডেস্ক

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইপিএলে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। এ সময় ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে। এর ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে, মুস্তাফিজুর রহমান আর তাদের স্কোয়াডে নেই।

বিজ্ঞাপন

Recommended For You