
বাংলা রিডার ডেস্ক
ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জিতলেন লিওনেল মেসি। প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ইন্টার মিয়ামিকে ইতিহাসের নতুন পাতায় তুলে ধরলেন আর্জেন্টাইন মহাতারকা। শিরোপা নির্ধারণী ম্যাচে দুটি অ্যাসিস্ট করে দলের সাফল্যে রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
গতকাল (৬ ডিসেম্বর) ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩–১ ব্যবধানে হারিয়ে কাঙ্ক্ষিত শিরোপা জয় করে ইন্টার মিয়ামি। ম্যাচজুড়ে দারুণ প্রভাব বিস্তার করায় মেসিকে দেওয়া হয় ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার।
মিয়ামির প্রথম গোলটি আসে আত্মঘাতী ভুলে, তবে ওই আক্রমণটি তৈরি হয়েছিল মেসির পাসে—যেখান থেকে তাদেও আলেন্দে শট নেন।
৭১তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে গোল করেন রদ্রিগো ডি পল। অতিরিক্ত সময়ে আলেন্দের গোল মিয়ামির ৩–১ ব্যবধানে জয় নিশ্চিত করে, আর সেই গোলেও অ্যাসিস্ট দেন মেসি।
ম্যাচশেষে মেসি বলেন,
“তিন বছর আগে এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমরা এমএলএস চ্যাম্পিয়ন। পুরো মৌসুমজুড়ে দল অসাধারণ পরিশ্রম করেছে। এই মুহূর্তটার জন্যই আমরা সবাই অপেক্ষা করছিলাম। খুবই ভালো লাগছে।”
২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে লিগস কাপ জিতলেও প্লে-অফে উঠতে পারেনি দল। ২০২৪ সালে রেকর্ড ৭৪ পয়েন্টে সাপোর্টারস শিল্ড জিতলেও এমএলএস কাপের স্বাদ অধরাই ছিল।
অবশেষে পূরণ হলো সেই অপেক্ষা। কোচ হাভিয়ের মাশেরানো বলেন,
“মৌসুমজুড়ে মেসি শুধু গোল ও অ্যাসিস্টে নয়, রক্ষণেও দারুণ ভূমিকা রেখেছে। শেষ কয়েক ম্যাচে তার অতিরিক্ত প্রেসিংই বলে দেয়, এই শিরোপা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।”



