
বাংলা রিডার ডেস্ক
জিম্বাবুয়ের কাছে হারের পর থেকেই অস্ট্রেলিয়ার সুপার এইটে ওঠা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ে সেই সমীকরণ আরও জটিল হয়। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো অজিদের। অন্যদিকে এক পয়েন্ট পেয়ে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।
পাল্লেকেল্লেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। তবে ম্যাচ শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। কয়েক দফা বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী করে তোলার আগেই আবারও নামে বৃষ্টি। ফলে টস পর্যন্ত করা সম্ভব হয়নি।
প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলই পায় এক পয়েন্ট করে। এতে মোট পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করে জিম্বাবুয়ে। তাদের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে।
বি গ্রুপ থেকে জিম্বাবুয়ের সঙ্গে সুপার এইটে উঠেছে শ্রীলঙ্কাও। তিন ম্যাচ খেলে সবগুলোতে জিতে ছয় পয়েন্ট নিয়ে আগেভাগেই পরের পর্ব নিশ্চিত করেছে তারা, যদিও তাদেরও একটি ম্যাচ হাতে আছে।
চার ম্যাচে এক জয় ও দুই হারে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড, যারা ইতোমধ্যে সব ম্যাচ খেলে ফেলেছে। অন্যদিকে তিন ম্যাচে এক জয় ও দুই হারে দুই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা পায়নি ওমান।



