দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠকপ্রিয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকা ১৯ বছর সফলভাবে অতিক্রম করে ২০ বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন, শুভেচ্ছা বিনিময়, পত্রিকার সব পর্যায়ের সাংবাদিকদের সংবর্ধনা ক্রেস্ট (ছবিযুক্ত ফটোকার্ড) ও নবায়নকৃত আইডি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ছাপা পত্রিকার গুরুত্ব আরও বাড়াতে হবে। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দিয়ে বলেন, সংবাদই গণমাধ্যমের প্রধান শক্তি এবং সঠিক প্রতিবেদনের ক্ষেত্রে কোনো সাংবাদিক সমস্যায় পড়লে প্রেস ক্লাব পাশে থাকবে।

পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোহেল রুশদী। তিনি জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি বলেন, নিয়মিত পত্রিকা প্রকাশ একটি চ্যালেঞ্জিং কাজ হলেও পাঠকদের সমর্থনেই দৈনিক চাঁদপুর খবর এগিয়ে যাচ্ছে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাই করে সংবাদ পাঠানোর আহ্বান জানান এবং সাংবাদিকদের ঐক্যের ডাক দেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সিনিয়র সাংবাদিক এম এ লতিফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী ব্যক্তিরা।

পত্রিকার সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, যুগ্ম সম্পাদক মো. রানা সরকার, সিনিয়র সহকারী সম্পাদক মো. শওকত করিম, সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম সারওয়ার সেলিমসহ বিভিন্ন পর্যায়ের প্রতিবেদক ও প্রতিনিধি।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও পত্রিকার শুভাকাঙ্ক্ষীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকদের ক্রেস্ট ও নবায়নকৃত আইডি কার্ড বিতরণ করা হয়। চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির পরিচালক মো. জসিম মেহেদীকেও সংবর্ধনা দেওয়া হয়।

পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকরা প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শহীদ শরীফ মো. ওসমান হাদীর স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহ।

বিজ্ঞাপন

Recommended For You