
বাংলা রিডার ডেস্ক
মহান স্বাধীনতার মাস উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ছড়া, কবিতা, গল্প বলা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে এমন আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান প্রজন্মের জন্য এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সম্পর্কে জানতে পারবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, টিআইবির চাঁদপুর শাখার সভাপতি মো. আলমগীর হোসেন পাটওয়ারী এবং রোটারি ক্লাবের সভাপতি মোস্তফা ফুল মিয়া।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক সাংবাদিক এম আর ইসলাম বাবু।
বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতার জন্য পৃথক বিচারক প্যানেল দায়িত্ব পালন করেন। আবৃত্তি, গল্প বলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অভিজ্ঞ ব্যক্তিরা বিচারকের দায়িত্বে ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। আয়োজকরা জানান, এসব প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা আরও জাগ্রত হবে।



