ব্রুনাইকে গোল বন্যায় ভাসালো বাংলাদেশ

বাংলা রিডার ডেস্ক
এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স বজায় রাখল বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮–০ ব্যবধানে উড়িয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ে উচ্ছ্বাস ছড়িয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। চীনের চোংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে ওপু, রিফাত, ফয়সাল, মানিক, আলিফ ও বায়জিতদের চোখধাঁধানো ফুটবলে মুগ্ধ দর্শকরা।

গ্রুপের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫–০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। সমান তিন পয়েন্ট নিয়ে তিন দল মাঠে নামলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় আত্মবিশ্বাস ছিল বাংলাদেশের সঙ্গেই। ব্রুনাইয়ের বিপক্ষেও সেই আধিপত্যেরই নিখুঁত পুনরাবৃত্তি দেখা গেছে।

ম্যাচের ১৩ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। ফয়সালের বাম দিকের পাস ধরে ওপুর নিখুঁত শটে আসে প্রথম গোল। ২৩ মিনিটে রিফাত কাজীর দুর্দান্ত ড্রিবলিংয়ে দ্বিতীয় গোল। ৩৬ মিনিটে রিদোয়ানের পাস থেকে ফয়সালের গোল এবং এক মিনিট পর মানিকের দূরপাল্লার শটে ৪–০ ব্যবধানে বিরতিতে যায় লাল-সবুজের উঠতি ফুটবলাররা।

বিরতির পরও আক্রমণের ধার কমেনি। ৪৯ মিনিটে রিদোয়ানের পাস থেকে ওপুর দ্বিতীয় গোল। ৭৩ মিনিটে ফয়সালের শট ফিরলে রিবাউন্ডে রিফাতের গোল। দুই মিনিট পর ডি-বক্সের ভিড়ে বল পেয়ে আলিফ করেন সপ্তম গোল। ৭৯ মিনিটে বায়জিতের সরাসরি শটে স্কোর দাঁড়ায় ৮–০—এটাই ম্যাচের শেষ গোল।

পুরো ম্যাচজুড়ে মাঠের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের দখলে। দু’টি শট পোস্টে ফিরে আসা আর কয়েকটি সুযোগ নষ্ট করা ছাড়া গতি ও দক্ষতায় প্রতিপক্ষকে কোনোভাবেই দাঁড়াতে দেয়নি তরুণরা।

আগামী ম্যাচগুলোতেও এই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য এখন বাংলাদেশের।

বিজ্ঞাপন

Recommended For You