সত্যের পক্ষে অটল থাকাই আমাদের শক্তি: কাজী ইব্রাহীম জুয়েল

বাংলা রিডার ডেস্ক
নদীবিধৌত চাঁদপুর জেলার গণমাধ্যম অঙ্গনে এক নতুন মাইলফলক যোগ করল জনপ্রিয় দৈনিক চাঁদপুর সময়। পত্রিকার একযুগ পূর্তি উপলক্ষে সোমবার (১৭ নভেম্বর) পত্রিকা কার্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী আয়োজন করা হয় আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, মিলাদ ও দোয়া মাহফিল এবং নতুন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনসহ নানা কর্মসূচি। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে সমবেত হন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

উৎসবের উদ্বোধন করেন দৈনিক চাঁদপুর সময়, চাঁদপুর টাইমস এবং দৈনিক মতলবের আলো–এর সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। তিনি বলেন,
“চাঁদপুরের সাংবাদিকতার ভুবনে সময় পত্রিকা এক যুগ ধরে যে আলোর শিখা বহন করে আসছে, তা সত্যিই অনন্য। জনগণের আস্থা ও সত্যের পক্ষে অটল থাকাই আমাদের শক্তি—এটাই আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি নৈতিক দায়বদ্ধতা। সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধেও আপনাদের নির্ভীক হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন পত্রিকার প্রধান সম্পাদক এম. ফরিদুল ইসলাম উকিল। বক্তব্য দেন প্রকাশক মো. এরশাদ খান, মতলবের আলো–এর ভারপ্রাপ্ত সম্পাদক কে. এম. মাসুদ, চাঁদপুর টাইমস–এর সহ-সম্পাদক আব্দুল গণি, বার্তা সম্পাদক আশিক বিন রহিম ও সহ-বার্তা সম্পাদক আব্দুস সালাম দেওয়ান।

একযুগ পূর্তিকে কেন্দ্র করে নিজেদের মতামত, পরামর্শ ও শুভেচ্ছা জানান বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা। বক্তব্য রাখেন কচুয়ার জিসান আহমেদ নান্নু, হাজীগঞ্জের জহিরুল ইসলাম জয়, ফরিদগঞ্জের মো. জাকির হোসেন, মো. মঞ্জুর আলম, শিমুল হাছান, সাইদ হোসেন অপু চৌধুরী, মুহাম্মদ বাদশা ভুঁইয়া এবং আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে একযুগ পূর্তির বিশেষ উপলক্ষ্যে প্রধান সম্পাদক রচিত শিশুতোষ কাব্যগ্রন্থ “ইচ্ছের বাঁধন”–এর মোড়ক উন্মোচন করেন সম্পাদক ও প্রকাশক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

সাংবাদিক প্রতিনিধিরা বলেন, নির্ভরযোগ্য তথ্য, পাঠকবান্ধব উপস্থাপন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে চাঁদপুর সময় চাঁদপুরবাসীর কাছে একটি বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তারা আশা প্রকাশ করেন যে পত্রিকাটি ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে নতুন উদ্দীপনায় এগিয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৭ নভেম্বর অনুমোদন লাভ করে দৈনিক চাঁদপুর সময় প্রকাশনায় আসে। নানা চড়াই-উৎরাই পার হয়ে পত্রিকাটি আজ তার গর্বিত একযুগের পথচলা সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

Recommended For You