রুহুল আমিন গাজী ছিলেন সাহসী সাংবাদিকতার প্রতীক

বাংলা রিডার ডেস্ক 

চাঁদপুরের কৃতি সন্তান প্রয়াত সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মরণে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি আপসহীনভাবে সাংবাদিকদের অধিকার ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে আজীবন লড়াই করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত স্মরণসভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, “রুহুল আমিন গাজী কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, সাহসিকতা আর সততার প্রতীক।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খুরশীদ আলম। আলোচনায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক নেতা বাকের হোসেন, ড. মাহবুব হাসান, সরদার ফরিদ আহমেদসহ গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা।

বক্তারা বলেন, রুহুল আমিন গাজী ছিলেন এক আপসহীন কণ্ঠস্বর, যিনি ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধেও পিছপা হননি। এ কারণে তাকে ১৮ মাস বিনা বিচারে কারাবরণ করতে হয়েছে। এ সময় তার ওষুধ ও চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছিল।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, “তিনি শুধু একজন সাংবাদিক ছিলেন না, ছিলেন সংগ্রামী নেতা। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার দায়ে তাকে জেল খাটতে হয়েছে, কিন্তু তবুও তিনি তার অবস্থান থেকে সরেননি।”

কাদের গনি আরও বলেন, “তিনি শুধু কলম দিয়ে নয়, নেতৃত্ব দিয়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি ছিলেন একজন পরিপূর্ণ সাংবাদিক ও সংগঠক।”

সৈয়দ আবদাল আহমদ বলেন, “অনেকেই পরিস্থিতির চাপে আপস করেন, কিন্তু রুহুল আমিন গাজী ছিলেন ব্যতিক্রম। তিনি সবসময়ই সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন।”

স্মৃতিচারণায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসেন বলেন, “তিনি এমন সময় চলে গেলেন, যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সাংবাদিক সমাজে তার মতো সাহসী কণ্ঠস্বর আজও বিরল।”

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন: বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, সাংবাদিক মোদাব্বের হোসেন, রফিক মোহাম্মদ, আবু বকর, দিদারুল আলম, শাহনাজ পলি ও লাবিন রহমান।

বক্তারা বলেন, রুহুল আমিন গাজীর আদর্শ সাংবাদিকদের পথ দেখাবে। তাঁর নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে পেশাগত অধিকার ও স্বাধীনতার পক্ষে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

Recommended For You