সারাদেশে বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু

বাংলা রিডার ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে একদিনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে পৃথক এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিভিন্ন জেলায় বজ্রপাতের এসব ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মারা যাওয়াদের মধ্যে সুনামগঞ্জে পাঁচ, রংপুরে দুই, ময়মনসিংহে দুই এবং কিশোরগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জে একজন করে রয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট।

সুনামগঞ্জ
দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন-ধর্মপাশার হাবিবুর রহমান (৩০), রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নুর জামাল (২৬), তাহিরপুরে আবুল কালাম (২৫) ও দিরাই উপজেলার লিটন মিয়া (৩০)।

রংপুর
সকালে মিঠাপুর উপজেলার বড় হযরতপুর এলাকার সখিপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা হলেন- বড় হযরতপুর এলাকার তালেব উদ্দিন (৬০) এবং মাছ ধরতে আসা মিলন মিয়া (৪০)।

ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁওয়ে বজ্রপাতে কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জ্বল (৩০) এবং গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের প্রয়াত সেকান্দর আলী খান মমতাজ আলী খান (৫৮)।

হবিগঞ্জ
দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

কিশোরগঞ্জ
দুপুর ২টায় করিমগঞ্জে বড় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে হলুদ মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হলুদ মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

নেত্রকোনা
দুপুরে আটপাড়ায় মেষির হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।মৃত আলতু মিয়া একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

Recommended For You