
বাংলা রিডার ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। অপর দুই নিহতের একজন নেপালি ও অন্যজন পাকিস্তানি—এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান মোট ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন নিক্ষেপ করেছে।
সংঘাত শুরুর দ্বিতীয় দিনের সকাল পর্যন্ত অন্তত ২০টি মিসাইল ছোড়া হয়, যার মধ্যে আটটি সমুদ্রে পতিত হয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, তারা দুটি ক্রুজ মিসাইল ও ৩১১টি ড্রোন ভূপাতিত করেছে। তবে ২১টি ড্রোন বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে।
এছাড়া নিক্ষিপ্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে এবং বাকি ১৩টি সমুদ্রে পড়েছে। ফলে ইরানের কোনো মিসাইল সরাসরি আমিরাতের ভূখণ্ডে আঘাত করেনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
হামলায় মোট তিনজন নিহত হয়েছেন—তাদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। আহতদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন, তবে ঠিক কতজন বাংলাদেশি আহত হয়েছেন তা জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: গালফ নিউজ



