
বাংলা রিডার ডেস্ক
স্পেনের দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগতির ট্রেন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (১৯ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, কোরদোবার কাছের আদামুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে যাত্রার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে আছড়ে পড়ে। একই সময়ে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, “দেশ একটি গভীর শোকের রাত পার করবে।”
পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দুর্ঘটনার কারণকে ‘অত্যন্ত অদ্ভুত’ বলে উল্লেখ করলেও সঠিক কারণ এখনো জানা যায়নি।
আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো ঘটনাটিকে ‘দুঃস্বপ্ন’ হিসেবে আখ্যা দেন এবং দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান।
আন্দালুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, জীবিতদের উদ্ধারে তাদের মৃতদের মরদেহ সরাতে হয়েছে।
রেল কর্মকর্তা আতিফ বলেন, মালাগা স্টেশন থেকে ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। এতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।
সূত্র: বিবিসি


