বিশ্বশান্তি ঝুঁকিতে, বললেন ট্রাম্প

বাংলা রিডার ডেস্ক
গ্রিনল্যান্ডের ওপর “সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পূর্ণ ক্রয়” নিয়ে সমঝোতা না হলে ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হুমকির প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বশান্তি ঝুঁকির মুখে রয়েছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ ইউরোপের আটটি দেশকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্কের মুখে পড়তে হতে পারে। গ্রিনল্যান্ডের মালিকানা হস্তান্তর বা পূর্ণ বিক্রির বিষয়ে ইউরোপীয় মিত্ররা সম্মত না হলে আগামী জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

শুল্ক আরোপের হুমকির পর ট্রাম্প বলেন, বিশ্বশান্তি ঝুঁকিতে রয়েছে, কারণ চীন ও রাশিয়া গ্রিনল্যান্ড দখলে আগ্রহী। তার ভাষায়, “এই খেলাটা কেবল যুক্তরাষ্ট্রই খেলতে পারে।” তিনি আরও দাবি করেন, নতুন ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সক্ষমতা ও কার্যকারিতায় পরিচালনার জন্য গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের প্রয়োজন।

বিবিসির অর্থনীতিবিষয়ক সম্পাদক মন্তব্য করেছেন, ট্রাম্পের এই হুমকি নজিরবিহীন ও বাস্তবতা-বিবর্জিত। এতে সংশ্লিষ্ট আটটি দেশের কর্মকর্তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন এবং এর ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটতে পারে।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণেরই।

এদিকে, ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত দাবির প্রতিবাদে দ্বীপটির রাজধানী নুকে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে “গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর জন্য” এবং “গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়”—এমন স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়।

অন্যদিকে, গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা জরুরি বৈঠক আহ্বান করেছেন। রোববার পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ও সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স।

বিজ্ঞাপন

Recommended For You