বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল ইরান

বাংলা রিডার ডেস্ক
ইরানের সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির ফাঁসি কার্যকর করা স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সোলতানির পরিবার ও নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাওয়ের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।

২৬ বছর বয়সী এরফান সোলতানিনি পেশায় একজন দোকানব্যবসায়ী। রাজধানী তেহরানের উপকণ্ঠের কারাজ এলাকায় বসবাসকারী এই তরুণকে গত ৮ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র তিন দিনের মধ্যেই বিচার শেষে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়।

বিচার চলাকালে সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধু আদালতে উপস্থিত থাকার সুযোগ পাননি। এমনকি তার বোন, যিনি একজন নিবন্ধিত পেশাদার আইনজীবী, তাকেও আদালতে থাকতে দেওয়া হয়নি বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে। গতকাল বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।

সোলতানির আত্মীয় সোমায়েহ সিএনএনকে জানান, “আমরা জেনেছি যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে দণ্ড বাতিলের কোনো ঘোষণা আসেনি। আমরা বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছি।”

পরে মানবাধিকার সংস্থা হেনগাও নিশ্চিত করে জানায়, এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে।

এদিকে, বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং আটক বা গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও আপাতত স্থগিত রাখা হয়েছে। তার এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোলতানির মৃত্যুদণ্ড স্থগিতের খবর প্রকাশ পায়।

বিজ্ঞাপন

Recommended For You