
বাংলা রিডার ডেস্ক
রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কে অসন্তোষ থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি সাক্ষাতের অনুরোধ জানাতে তিনি ট্রাম্পকে ‘স্যার’ সম্বোধন করেছিলেন—এমন দাবি করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন যে শুল্ক আরোপ করেছে, তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী খুব একটা সন্তুষ্ট নন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মোদি একবার তার সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে বলেন, “স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?” জবাবে তিনি সম্মতি দেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “মোদির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তবে তিনি আমার ওপর খুব খুশি নন।” ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ না করায় ভারতকে এখন উচ্চ শুল্ক দিতে হচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বলেও জানান তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ২৫ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে।
এছাড়া ট্রাম্প বলেন, ভারত তাকে জানিয়েছে যে তারা দীর্ঘ পাঁচ বছর ধরে অ্যাপাচি হেলিকপ্টার পাওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি জানান, এই পরিস্থিতির পরিবর্তন আনা হচ্ছে এবং ভারত ইতোমধ্যে ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছে।


