
বাংলা রিডার ডেস্ক
মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ঘরের ভেতরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে দ্রুত রাজধানীর জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) তার এক সহযোগী বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।
সহযোগী সুফি ইউসুফ জানান, বারান্দার একটি অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় মাহাথির পড়ে যান। তবে তিনি জ্ঞান হারাননি। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বার্ধক্যজনিত নানা জটিলতা ও অসুস্থতায় ভুগছেন মাহাথির মোহাম্মদ। এর আগে গত জুলাইয়ে ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি পিকনিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এছাড়া হৃদ্রোগজনিত কারণে তার আগে হার্টের বাইপাস সার্জারিও করা হয়।
মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথির মোহাম্মদ এক প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ সময় দেশটির নেতৃত্ব দিয়ে তিনি অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল ৯৪ বছর, যা তাকে বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত সরকারপ্রধান হিসেবে পরিচিত করে তোলে।
সূত্র: এএফপি


