
বাংলা রিডার ডেস্ক
বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, ঢাকায় অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজায় বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়। প্রতিবেদনের শিরোনাম ছিল— ‘খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়’।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষ রাজধানীতে এসে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন উল্লেখ করে, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ শোকাহত এবং তার জানাজায় ব্যাপক জনসমাগম ঘটে। একই দেশের গণমাধ্যম জিও নিউজও জানায়, অসংখ্য শোকাহত মানুষ জানাজায় অংশ নিয়ে তাকে শেষ বিদায় জানান।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম হয়। প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করা হয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সরকারপ্রধান।


