ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ

বাংলা রিডার ডেস্ক
ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় নিয়মিত কনস্যুলার সেবা প্রদান করা হবে না। মার্কিন প্রেসিডেন্টের জারি করা নির্বাহী আদেশের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিসমাসের আগের দিন ও পরের দিন অধিকাংশ ফেডারেল কর্মচারীর জন্য ছুটি ঘোষণা করে যে নির্বাহী আদেশ জারি করেন, তার পরিপ্রেক্ষিতেই এই বন্ধের ঘোষণা আসে।

এর ফলে ভিসা সাক্ষাৎকার, পাসপোর্ট প্রক্রিয়াকরণ, নথি যাচাইসহ অন্যান্য অ-জরুরি কনস্যুলার কার্যক্রম ভারতজুড়ে সব মার্কিন কূটনৈতিক মিশনে বন্ধ থাকবে।

এ বিষয়ে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে জানায়, প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়সীমা শেষে অর্থাৎ ২৬ ডিসেম্বরের পর থেকে কনস্যুলার সেবা পুনরায় চালু হবে। নির্বাহী আদেশ অনুযায়ী, ফেডারেল সরকারের সব নির্বাহী বিভাগ ও সংস্থা ২৪ ও ২৬ ডিসেম্বর বন্ধ থাকবে এবং সংশ্লিষ্ট কর্মীরা ছুটি ভোগ করবেন।

তবে আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা কিংবা জনস্বার্থ সংশ্লিষ্ট প্রয়োজনের ক্ষেত্রে নির্বাহী বিভাগের প্রধানরা নির্দিষ্ট কিছু দপ্তর ও ভবন খোলা রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

Recommended For You