
বাংলা রিডার ডেস্ক
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ১০ অক্টোবর থেকে কার্যকর এ যুদ্ধবিরতি ইসরায়েল ৫০০ বারেরও বেশি লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। এসব হামলায় যুদ্ধবিরতির মধ্যেই প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় দখলদার বাহিনী খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালায়, যাতে অন্তত পাঁচজন নিহত হন।
এর আগে ইসরায়েল দাবি করে, তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসের সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন, সম্ভবত কেউ মারা গিয়েও থাকতে পারেন। তবে যুদ্ধবিরতি ভালোভাবেই চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি রয়েছে—যদিও সাধারণ মানুষ তা বুঝতে পারে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও এগিয়ে চলছে, খুব শিগগিরই এটি কার্যকর হবে।”
বর্তমানে হামাসের কাছে ইসরায়েলের মাত্র দুইজন জিম্মি রয়েছেন—যার একজন থাই নাগরিক। তাদের ফেরত দেওয়ার পরই দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েল তা নিয়ে দেরি করছে বলে অভিযোগ।
যদিও দ্বিতীয় ধাপের বিষয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু কার্যকরী কাঠামো নির্ধারণ করেছে। দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার প্রশাসনের দায়িত্ব নেবে একটি টেকনোক্র্যাট সরকার এবং হামাসের পরিবর্তে নিরাপত্তা তদারকি করবে আন্তর্জাতিক বাহিনী।
সূত্র: টাইমস অব ইসরায়েল


