বৃদ্ধাশ্রমে জন্মদিন কাটালেন বুবলী, প্রবীণদের দিলেন উপহার

বাংলা রিডার ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী বৃহস্পতিবার উদযাপন করলেন জন্মদিন। পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত এই দিনে তিনি বেছে নিলেন এক মানবিক উদ্যোগ—সময় কাটালেন একটি বৃদ্ধাশ্রমে, সেখানে প্রবীণদের হাতে তুলে দিলেন উপহার।

বিকেলে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, জন্মদিনের ব্যস্ততার মাঝেই বুবলী ছুটে যান বৃদ্ধাশ্রমে। তিনি প্রবীণদের জন্য নতুন শীতবস্ত্র (কম্বল) নিয়ে যান এবং স্নেহভরে একজন প্রবীণ বাবাকে নিজ হাতে খাবারও খাইয়ে দেন।

সেখানে কাটানো সময় নিয়ে অনুভূতি ব্যক্ত করে বুবলী লিখেন, জন্মদিনের আনন্দের পাশাপাশি এই প্রবীণ বাবা–মায়েদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাকে দিয়েছে গভীর শান্তি ও আত্মতৃপ্তি। তার ভাষায়, এই সময়গুলো “অনেক স্মরণীয় হয়ে রইল।”

বুবলীর এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের শীর্ষ নায়িকায় পরিণত হওয়ার বুবলীর পথচলা ছিল আলোচিত। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক। এরপর ‘সুপারহিরো’, ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’সহ একাধিক সফল ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পোক্ত করেন।

বর্তমানে সিয়াম আহমেদসহ নতুন প্রজন্মের নায়কদের সঙ্গে নিয়মিত কাজ করছেন তিনি। সাম্প্রতিক ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’তে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এখন তিনি ব্যস্ত ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ে; মুক্তির অপেক্ষায় আছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি ছবি।

প্রায় এক দশকের ক্যারিয়ারে উপচে পড়া জনপ্রিয়তা পেয়েছেন বুবলী, আর ভক্তদের ভালোবাসাকেই তিনি নিজের জন্মদিনের সবচেয়ে বড় উপহার বলে মনে করেন।

বিজ্ঞাপন

Recommended For You