দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান, দোভালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

বাংলা রিডার ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর দিল্লি যাচ্ছেন। ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন। সম্মেলনটি ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের সূত্র ইতোমধ্যে তার সফর নিশ্চিত করেছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণেই তিনি এই দুই দিনের সফরে যাচ্ছেন।

ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও ভারতীয় এক সূত্র জানিয়েছে—বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দুদেশের শীর্ষ নীতি-নির্ধারকদের মধ্যে সরাসরি কথা বলার আগ্রহ রয়েছে। তাই সম্মেলনের বাইরে খলিলুর রহমান ও অজিত দোভালের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি উপদেষ্টা পর্যায়ের দ্বিতীয় ভারত সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘ইন্ডিয়া এনার্জি উইক’-এ যোগ দিতে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান দিল্লি গিয়েছিলেন।

গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের বৈঠক দুদেশের কূটনৈতিক যোগাযোগে নতুন গতি আনে। এরপর ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক, ব্যাংককে বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎসহ আরও কয়েকটি আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।

তবে কনস্যুলার সংলাপ ও বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকের জন্য বাংলাদেশ গত মে-জুনে প্রস্তাব দিলেও ভারত সাড়া দেয়নি।

ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশ এ ফোরামের পূর্ণ সদস্য হয়। সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস প্রতিরোধ, মানবপাচার দমন, সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা বাড়ানোই ফোরামের উদ্দেশ্য।

বিজ্ঞাপন

Recommended For You