চাঁদপুরে রোড পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলবে না: ডিসি মোহসীন উদ্দিন

বাংলা রিডার ডেস্ক:
চাঁদপুরে রোড পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। জেলা পর্যায়ে বাস চলাচলে শৃঙ্খলা আনতে বাস মালিকদের সঙ্গে এক জরুরি আলোচনা সভায় এই নির্দেশনা দেন তিনি। বুধবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।

সভায় জেলা প্রশাসক বলেন, “চাঁদপুরে অনেক গাড়ি রোড পারমিট ছাড়া চলছে, আবার অনেকের পারমিট নবায়নও হয়নি। কেউ কেউ কাউন্টার ছাড়াই বাস চালাচ্ছেন এবং নির্ধারিত সময়সূচিও মানছেন না। এসব অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।”
তিনি আরও বলেন, অনুমোদিত পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে নামতে পারবে না। যেখান থেকে রোড পারমিট ইস্যু করা হয়েছে, সেখান থেকেই গাড়ি চলতে হবে এবং টার্মিনালও সেখানেই থাকতে হবে। রাস্তার পাশে বা যত্রতত্র কোথাও গাড়ি থামানো বা রাখা যাবে না। চাহিদার তুলনায় অতিরিক্ত গাড়ি নামানো যাবে না। পরিবহন মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডিসি বলেন, “রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। চালক ও মালিক—উভয়েরই সচেতন হওয়া প্রয়োজন। দুর্ঘটনার কারণে মানুষের প্রাণ যাচ্ছে, এতে দেশ, সমাজ, পরিবার—সবকিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো এখন সময়ের দাবি।”

তিনি জানান, আগামী ৭ দিনের মধ্যে ২৫ বছরের বেশি পুরনো বাসের তালিকা জমা দিতে হবে। এসব যানবাহন দ্রুত ডাম্পিংয়ে পাঠানো হবে। ঝুঁকিপূর্ণ ও অচল গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। শহরে রাত ৮টার পর ট্রাক প্রবেশের অনুমতি থাকবে, তবে দিনের বেলা নিষিদ্ধ করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু, ট্রাফিক পরিদর্শক মো. মাহফুজ মিয়া এবং বিআরটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।

এছাড়াও চাঁদপুর জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন বাস মালিক প্রতিনিধি সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

Recommended For You