২৮ আগস্ট ঢেকে যাবে চাঁদ, দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’

বাংলা রিডার ডেস্ক
আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বিরল এক মহাজাগতিক দৃশ্য। আগামী ২৭ থেকে ২৮ আগস্ট হতে যাওয়া চন্দ্রগ্রহণে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।

এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও চাঁদের বড় একটি অংশ পৃথিবীর ছায়ায় আবৃত থাকায় তা লালচে-কমলা রঙ ধারণ করবে। ফলে আকাশে চাঁদকে অনেকটা ‘ব্লাড মুন’-এর মতো দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন স্কাই এট নাইটের তথ্য অনুযায়ী, চন্দ্রগ্রহণের সর্বোচ্চ পর্যায় বাংলাদেশ সময় ২৮ আগস্ট সকাল ১০টা ১৩ মিনিটে পৌঁছাবে। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের প্রায় পুরো চাকতিকে ঢেকে ফেলবে।

চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এ সময় পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলোর তরঙ্গ বেশি ছড়িয়ে দেয়, আর লাল ও কমলা আলোর অংশ চাঁদের দিকে পৌঁছায়। এ কারণেই চাঁদকে লালচে বা কমলা দেখায়।

এই গ্রহণটি উত্তর ও দক্ষিণ আমেরিকায় সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। এরপর চাঁদ পশ্চিম দিকে অস্ত যাওয়ার সময় ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল থেকেও গ্রহণের অংশবিশেষ দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ।

বিজ্ঞাপন

Recommended For You