তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে: বিভাগীয় কমিশনার

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের হাইমচর উপজেলায় সরকারি সেবা তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

বুধবার (১২ আগস্ট) হাইমচর উপজেলা পরিষদ আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

​বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন) (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হেদায়েত উল্যাহ্।

​মতবিনিময় সভায় উপজেলার সামগ্রিক সমস্যা ও উন্নয়ন, প্রশাসনিক কর্মকাণ্ডের অগ্রগতি এবং স্থানীয় সাংস্কৃতিক চর্চার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন বলেন, “তৃণমূল পর্যায়ে সরকারের সেবা পৌঁছে দিতে এবং স্থানীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবউদ্বোধিত উপজেলা শিল্পকলা একাডেমি এলাকার তরুণ প্রজন্মের সাংস্কৃতিক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদন্নবী মাছুম, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

​এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভা শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

Recommended For You