বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: দুইবার একই কথা বললেন স্মিথ

বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশের কাছে ৯ উইকেটের হার অস্ট্রেলিয়ার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে হারের কারণ হিসেবে নিজেদের ব্যর্থতার চেয়ে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সকেই সামনে রাখছেন স্টিভ স্মিথ।

এবিসি স্পোর্টকে ম্যাচের পর দেওয়া প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার খুব সরলভাবেই হারের ব্যাখ্যা দিয়েছেন। স্মিথ বলেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’

ম্যাচের প্রথম দিনই দুই দলের পার্থক্যটা তৈরি হয়ে গিয়েছিল বলে মনে করেন স্মিথ। বাংলাদেশের পেসাররা শুরু থেকেই যে নিয়ন্ত্রিত বোলিং করেছেন, সেটিই অস্ট্রেলিয়ার ব্যাটিংকে চাপে ফেলে দেয়। বিপরীতে নিজেদের ব্যাটাররা সেই চাপ সামলাতে পারেননি।

স্মিথের ভাষায়, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’

দ্বিতীয় ইনিংসে অবশ্য অস্ট্রেলিয়ার ব্যাটিং কিছুটা ঘুরে দাঁড়ায়। কিন্তু ততক্ষণে বাংলাদেশের প্রথম ইনিংসের বিশাল লিড ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে দিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা ভালো শুরু পেলেও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি।

এ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল। সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে শতক তুলে নেন ক্যামেরন গ্রিন। কিন্তু তার ইনিংসকে বড় সংগ্রহে রূপ দেওয়ার মতো সঙ্গ পাননি সতীর্থদের কাছ থেকে।

স্মিথের মতে, টেস্ট জয়ের জন্য বাংলাদেশের সামনে আরও বড় লক্ষ্য দাঁড় করানো প্রয়োজন ছিল, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গে দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০-এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল। আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’

তবে এই হারকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে খুব বেশি চিন্তিত নন স্মিথ। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা দলের জন্য একটি খারাপ ম্যাচকে তিনি আলাদাভাবেই দেখছেন। একই সঙ্গে বাংলাদেশের কৃতিত্বও স্বীকার করেছেন তিনি।

স্মিথের বক্তব্য, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’

বিজ্ঞাপন

Recommended For You