১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মোবাইল সেট

বাংলা রিডার ডেস্ক:
চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হতে যাচ্ছে মোবাইল ফোনের জন্য জাতীয় পর্যায়ের ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এর মাধ্যমে দেশের সব মোবাইল ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডেটাবেইজে যুক্ত হবে। এই সিস্টেম চালুর পর অবৈধ বা আনঅফিসিয়াল পথে আনা যেকোনো ফোন বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে আর কাজ করবে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন নেটওয়ার্কে সচল রাখতে হলে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য ক্রয়সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে হবে।

বিটিআরসি কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আমদানিকৃত ফোনের ব্যবহার বেড়ে গেছে, যা সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি সাইবার অপরাধ বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। এনইআইআর চালুর মাধ্যমে এসব ফোনের ব্যবহার বন্ধ করা এবং দেশের নেটওয়ার্ককে পুরোপুরি নিয়ন্ত্রিত ও নিরাপদ করা হবে।

বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক বলেন, “এই সিস্টেম চালুর মূল উদ্দেশ্য অবৈধ ও চোরাই মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করা, ফোন ক্লোনিং ও চুরি প্রতিরোধ এবং দেশীয় মোবাইল শিল্পকে সুরক্ষা দেওয়া।”

কীভাবে কাজ করবে নতুন সিস্টেম

১৬ ডিসেম্বরের পর নতুনভাবে নেটওয়ার্কে যুক্ত হওয়া ফোনগুলো প্রথমে অস্থায়ীভাবে সচল থাকবে। এরপর এনইআইআর সিস্টেমের মাধ্যমে বৈধতা যাচাই করা হবে।

ফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত থাকবে।
অবৈধ হলে ব্যবহারকারীকে এসএমএসে জানানো হবে এবং এক মাস সময় দেওয়া হবে ব্যবস্থা নেওয়ার জন্য। সময়সীমা শেষে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে।

বিদেশ থেকে ব্যক্তিগতভাবে কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেটের জন্য থাকবে বিশেষ নিবন্ধন ব্যবস্থা। ব্যবহারকারীরা neir.btrc.gov.bd
পোর্টালে গিয়ে আইএমইআই নম্বর ও প্রয়োজনীয় প্রমাণপত্র (পাসপোর্ট, ভিসা, রশিদ ইত্যাদি) জমা দিয়ে ফোন নিবন্ধন করতে পারবেন।

কিভাবে জানবেন আপনার ফোন বৈধ কিন
১. মোবাইল থেকে *#১৬১৬১# ডায়াল করুন।
২. ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে পাঠান।
৩. ফিরতি মেসেজে জানানো হবে ফোনটি বৈধ না অবৈধ।

নতুন ফোন কেনার আগে বৈধতা যাচাই করতে মেসেজে টাইপ করুন:
KYD <space> 15 digit IMEI এবং পাঠান ১৬০০২ নম্বরে।

বিক্রির আগে বা মালিকানা বদলাতে হলে ডি-রেজিস্ট্রেশন করতে হবে— Citizen Portal, মোবাইল অ্যাপ, বা *#১৬১৬১# চ্যানেলের মাধ্যমে।

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করা যাবে
এনইআইআর চালু হলে হারানো বা চুরি হওয়া মোবাইল সহজেই ব্লক বা আনলক করা যাবে neir.btrc.gov.bd
পোর্টাল, মোবাইল অ্যাপ বা অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে। ইন্টারনেটবিহীন গ্রাহকরা ১২১ নম্বরে কল করেও সেবা নিতে পারবেন।

স্থানীয় শিল্পে ইতিবাচক প্রভাব
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, “এনইআইআর চালু হলে বাজারে চোরাই ও নকল ফোন বন্ধ হবে, দেশীয় ১৮টি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক দামে হ্যান্ডসেট বিক্রি করতে পারবে।”

মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ জানান, এই উদ্যোগের ফলে বৈধ আমদানিকারক ও উৎপাদকরা সমান প্রতিযোগিতার সুযোগ পাবেন, রাজস্ব ফাঁকি কমবে এবং গ্রাহক সুরক্ষা নিশ্চিত হবে।

অ্যামটবের মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, “এনইআইআর চালুর মাধ্যমে একটি পরিচ্ছন্ন বাজার ব্যবস্থা তৈরি হবে এবং গ্রাহক, অপারেটর ও বিক্রেতা সবাই উপকৃত হবে।”

বিজ্ঞাপন

Recommended For You