পাকিস্তানের হামলায় নিহত ৩ ক্রিকেটার, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

বাংলা রিডার ডেস্ক:
পাকিস্তানের সামরিক হামলায় তিনজন আফগান ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে আফগানিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) এক্স-এ দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ শেষে ফেরার পথে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারান তিন স্থানীয় ক্রিকেটার। ACB জানায়, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজটি, যেখানে আফগানিস্তানের পাশাপাশি অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কার।

এই সিরিজে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো আফগানিস্তান খেলতে যাচ্ছিল। তবে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা এবং পাকিস্তানের হামলায় প্রাণহানির ঘটনার কারণে সেই সম্ভাবনা ভেস্তে গেল।

গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনা ও হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সূত্র: ইএসপিএন

বিজ্ঞাপন

Recommended For You