শীতের আভাস নিয়ে কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড়

বাংলা রিডার ডেস্ক
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করেই নামল ঘন কুয়াশা, যা শীতের আগমন বার্তা হিসেবে ধরা হচ্ছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত পুরো জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে শহর থেকে গ্রাম—সব জায়গার দৃশ্যমানতা একেবারেই কমে যায়।

সকালবেলা কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। ফলে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করে। অনেকেই ভেবেছিলেন, হয়তো আগেভাগেই শীত নেমে এসেছে। তবে প্রকৃতপক্ষে তখনও তাপমাত্রা ছিল গরমের মতোই। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উঁকি দিতে শুরু করলে কুয়াশাও ধীরে ধীরে কেটে যায়।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার বাসিন্দা আসাদুল্লাহ রিপন বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ সাদা কুয়াশায় ঢেকে আছে। এমন দৃশ্য সেপ্টেম্বর মাসে আগে কখনও দেখিনি।”

অন্যদিকে টুনিরহাটের অটোচালক আব্দুর রহিম জানান, “কুয়াশার জন্য অটোতে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে, তবুও ঠিকমতো সামনে দেখা যাচ্ছিল না।”

চাকলাহাট এলাকার শাহিনুর ইসলাম বলেন, “সাধারণত এ ধরনের কুয়াশা আমরা নভেম্বর মাসে দেখি। এখনই এমন দৃশ্য দেখে অবাক হয়েছি।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় হঠাৎ কুয়াশা দেখা দিয়েছে। তবে এটি সারা দিন থাকবে না, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কুয়াশা কেটে যাবে।” তিনি আরও বলেন, “এটি একধরনের শীতের পূর্বাভাসও হতে পারে।”

আবহাওয়া অফিস জানায়, শনিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিল ২৪.৮ ডিগ্রি, এবং সর্বোচ্চ ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

বিজ্ঞাপন

Recommended For You