পরমাণু বোমা তৈরির দাবি ইরানের কট্টরপন্থিদের, কী ভাবছে তেহরান?

বাংলা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশটির কট্টরপন্থি রাজনৈতিক মহল থেকে পরমাণু বোমা তৈরির দাবি ক্রমেই জোরালো হচ্ছে। একই সঙ্গে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার বিষয়টিও আলোচনায় এসেছে।

তবে এমন পরিস্থিতিতেও আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) প্রতি নিজেদের অঙ্গীকার বজায় রাখার কথা জানিয়েছে ইরান সরকার।

সোমবার (৯ নভেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতার পরিধি সীমিত করা হলেও এনপিটির প্রতি ইরানের অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি।

তবে, দেশটির পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে সংস্থাটির সঙ্গে স্বাভাবিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না তেহরানের।

বাঘাই জানান, কয়েকদিন আগে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন করে পরিদর্শন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি ইরানের একমাত্র পরমাণু স্থাপনা, যেখানে এখনো সংস্থাটির পরিদর্শকেরা প্রবেশ করতে পারছেন।

যুদ্ধের সময় বিদ্যুৎকেন্দ্রটিতে সরাসরি হামলা না হলেও এর আশপাশে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে স্থাপনাটির ক্ষয়ক্ষতি হয়।

নিরাপত্তার কারণে রাশিয়ার কর্মীদের একটি অংশকে সেখান থেকে সরিয়েও নেওয়া হয়। তারা এখনো পুরোপুরি ফিরে আসেননি।

অন্যদিকে, গত অক্টোবরের শেষ দিকে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, প্রয়োজনীয় তথ্য ও পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি না দেওয়ায় ইরানের মজুত করা পরমাণু উপাদান যাচাই করতে পারছে না সংস্থাটি।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক আলি ভায়েজের মতে, ইরান একদিকে এনপিটির সঙ্গে থাকার কথা বলছে, অন্যদিকে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পথও খোলা রাখছে।

বুশেহর বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিয়ে তেহরান কূটনৈতিক আলোচনা চালু রাখতে চাইছে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ স্থাপনাগুলো নিয়ে দর-কষাকষির সুযোগও ধরে রাখছে।

ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর মধ্যে রয়েছে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান।

দেশটির আশঙ্কা, এসব স্থাপনায় আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিলে স্পর্শকাতর তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে চলে যেতে পারে।

পরে, এসব তথ্য ব্যবহার করে নতুন হামলা চালানো হতে পারে বলে মনে করেন ইরানের সাবেক পরমাণু আলোচক সাইয়েদ হোসেইন মুসাভিয়ান।

এদিকে ইরান জানিয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না তারা। তবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে দেশের ভেতরেই ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমাতে রাজি। পুরোপুরি সমৃদ্ধকরণ বন্ধ না করলেও এ বিষয়ে সীমা নির্ধারণে আলোচনায় আগ্রহী তেহরান।

২০১৫ সালের পরমাণু চুক্তিতেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সীমিত করতে রাজি হয়েছিল ইরান। তবে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা

বিজ্ঞাপন

Recommended For You