
বাংলা রিডার ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন জাতীয় সরকার গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেছেন দেশটির বিরোধী দলের নেতারা। এ লক্ষ্যে অবিলম্বে জোট গঠনের আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছেন তারা।
পাশাপাশি নতুন নেসেট বা ইসরায়েলি পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণের আগেই সংসদীয় কৌশল সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী নেতারা। এর মাধ্যমে সরকার গঠনের পথ সুগম করতে চান তারা।
বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে অংশ নেন ইয়াশার দলের নেতা গাদি আইজেনকট, বি’ইয়াচাদ দলের চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়ার গোলান এবং ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান।
বিবৃতিতে নেতারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে দ্রুত সরিয়ে জাতীয় জরুরি সরকার গঠনের অঙ্গীকার করেন। এ ক্ষেত্রে আইজেনকটের প্রস্তাব করা চারটি নীতির কথা উল্লেখ করা হয়। এগুলো হলো—ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধের প্রতি অঙ্গীকার, সবার জন্য বাধ্যতামূলক সামরিক বা জাতীয় সেবা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে গাজায় তাদের সামরিক সক্ষমতা ধ্বংস ও শাসনের অবসান ঘটানো।
বিবৃতিতে বলা হয়, দলীয় নেতারা ঐক্যবদ্ধ। ৭ অক্টোবরের পর গঠিত সরকারকে সরিয়ে জাতীয় জরুরি সরকার প্রতিষ্ঠা এবং নেসেটে স্পষ্ট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগাতে তারা অবিলম্বে পদক্ষেপ নেবেন।
গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে বিরোধী দলগুলোর আসনসংখ্যা ৪৮। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব দল দুটি সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন। ফলে সরকার গঠনের জন্য বিরোধীদের ওই দুই দলের সমর্থন প্রয়োজন হতে পারে। কিন্তু বিরোধী দলগুলোর অধিকাংশই আরব দলগুলোকে জোটসঙ্গী করতে রাজি নয়। এ কারণে নতুন সরকার গঠনের পথ এখনো অনিশ্চিত।
বৈঠকে বিরোধী নেতারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের প্রথম দায়িত্ব আইজেনকটকে দেওয়ার বিষয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জোটের চুক্তি ও নীতিগত কর্মসূচির খসড়া তৈরির কাজ অবিলম্বে শুরু করতে আলোচক দলগুলোকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেন।
নেতানিয়াহু ও তার দল লিকুদ নির্বাচনের ফল এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ‘বিপজ্জনক ও নিয়ন্ত্রণহীন প্রচার’ চালাচ্ছে বলেও যৌথ বিবৃতিতে অভিযোগ করা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় তারা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
আইজেনকটকে সরকার গঠনে সহায়তার প্রতিশ্রুতি বেনেটের
বৈঠকের পর সাবেক প্রধানমন্ত্রী ও বি’ইয়াচাদ দলের নেতা নাফতালি বেনেট আইজেনকটের প্রতি তার দলের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বেনেট বলেন, যত দ্রুত সম্ভব গাদি আইজেনকটকে সরকার গঠনে সহায়তা করতে বি’ইয়াচাদ দলের সবাই সর্বোচ্চ চেষ্টা করবে। সময় নষ্ট করার সুযোগ নেই। আমাদের অত্যন্ত জরুরি ভিত্তিতে কাজ করতে হবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল



