
বাংলা রিডার ডেস্ক
পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও শিল্প পুলিশের প্রধানসহ ঊর্ধ্বতন পর্যায়ের ছয় কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন এনেছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ।
পুলিশের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং বিভিন্ন ইউনিটের নেতৃত্বে পরিবর্তনের অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, শিল্প পুলিশের প্রধানের দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদার।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসআরবির মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির নতুন ডিজি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে। আর রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।



