চার বছর পর ফুটবলে রাশিয়ার আংশিক প্রত্যাবর্তন

বাংলা রিডার ডেস্ক
ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দীর্ঘ চার বছর নিষেধাজ্ঞার মধ্যে থাকার পর ফুটবলে রাশিয়ার আংশিক প্রত্যাবর্তনের পথ খুলেছে। আজারবাইজানে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ড্রয়ে রাশিয়ার যুব দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফিফার এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার যুব দলগুলোর অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এটি রাশিয়ার জাতীয় দলের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন নয়।

তবে এই অংশগ্রহণকে সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার হিসেবে দেখা হচ্ছে না। ফিফার উদ্যোগটি মূলত তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নকে সামনে রেখে নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে যেসব দেশ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ কম পায়, তাদের সঙ্গে অন্য দেশগুলোর সক্ষমতার ব্যবধান কমানোই এই বিশেষ ‘ফেস্টিভাল’ আয়োজনের অন্যতম লক্ষ্য।

ফিফা জানিয়েছে, আগামী বছর মেয়েদের অনূর্ধ্ব-১৫ সংস্করণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ২০২৮ সাল থেকে প্রতিযোগিতাটি নিয়মিত বার্ষিক আয়োজন হিসেবে চালু করারও পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর আজারবাইজানে বসবে এবারের যুব ফুটবলের এই আসর। এতে অংশ নেবে ১৯১টি দল। তবে প্রচলিত ফুটবলের ফরম্যাটে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে না। ছোট মাঠে প্রতি দলে আটজন করে খেলোয়াড় নিয়ে হবে ম্যাচ। খেলা হবে ২০ মিনিট করে দুই অর্ধে, অর্থাৎ মোট ৪০ মিনিট।

রাশিয়ার অংশগ্রহণের বিপরীতে ভূ-রাজনৈতিক বাস্তবতায় ইউক্রেন, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।

বয়সভিত্তিক ফুটবলে রাশিয়ার জন্য দরজা খুললেও সিনিয়র পর্যায়ে দেশটির নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলোর ওপর ফিফা ও উয়েফার আরোপ করা নিষেধাজ্ঞায় আপাতত কোনো পরিবর্তন আসেনি।

উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিনও জানিয়েছেন, চলমান সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার ফেরার সম্ভাবনা নেই। অর্থাৎ অনূর্ধ্ব-১৫ পর্যায়ে আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়ার সুযোগ পেলেও রাশিয়ার মূল জাতীয় দল ও ক্লাব ফুটবলের নিষেধাজ্ঞা এখনো বহাল থাকছে।

সূত্র- গোলডটকম

বিজ্ঞাপন

Recommended For You