রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

বাংলা রিডার ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে। এ পরিস্থিতির কারণে বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে। বাতিল ও বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে একটি বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। এর প্রভাবে বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সেখানকার বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ফ্লাইটরাডার২৪ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ওয়েবসাইটে ফ্লাইট ডিসরাপশন ইনডেস্ক ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের বড় সমস্যা দেখা দিয়েছে।

বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছেন জানিয়ে রিয়াদের এক বাসিন্দা এএফপিকে বলেছেন, “বিমানবন্দরের দিকে আমরা কালো ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছি।”

এরআগে সৌদি আরব বিমান হামলার সতর্কতা জারি করেছিল। এরপরই রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের সমস্যার কথা শোনা যাচ্ছে।

গত দুই সপ্তাহ ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের লড়াই চলছে। এরমধ্যেই দেশটির অন্যতম ব্যস্ত বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটল।

তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এছাড়া সৌদি আরবও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

হুথি বিদ্রোহীরা গতকাল অভিযোগ করে সানার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন পাঠিয়েছে সৌদি আরব। ওই সময় তারা জবাব দেওয়ার হুমকি দেয়।

ওই হুমকির পরপরই গতকাল শুক্রবার শেষ রাতে সৌদি তাদের বিভিন্ন প্রদেশে বিমান হামলার সতর্কতা জারি করে।

দুই সপ্তাহ আগে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে আবারও পূর্ণমাত্রার উত্তেজনা দেখা দেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।

আজ রিয়াদ থেকে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার মিজি নামে এক বাংলাদেশি প্রবাসীর। তিনি জানিয়েছেন, এয়ার অ্যারাবিয়ায় তার ফ্লাইট ছিল। কিন্তু সেটি আজ বাতিল করে দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দর অক্ষত আছে জানিয়ে তিনি বলেছেন, এখানে বিমান চলাচলে বিঘ্ন ঘটলেও সৌদির অন্যান্য বিমানবন্দরগুলো সচল আছে।

সূত্র: এএফপি

বিজ্ঞাপন

Recommended For You