নারী এশিয়া কাপের পর্দা উঠছে আজ

বাংলা রিডার ডেস্ক
এশিয়ার নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসর নারী এশিয়া কাপের দশম সংস্করণের পর্দা উঠছে আজ (শুক্রবার)। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

আটটি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। সেদিনই অনুষ্ঠিত হবে ফাইনাল।

গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।
বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে আগামী ৩১ আগস্ট। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

এরপর ৬ সেপ্টেম্বর শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে তারা।
এশিয়া কাপে বাংলাদেশের সাফল্যের ইতিহাসও বেশ উজ্জ্বল। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। এ ছাড়া ২০১২ ও ২০২৪ সালের আসরে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল দলটি।

এবারের টুর্নামেন্টে দুই গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ১০ সেপ্টেম্বর হবে প্রথম সেমিফাইনাল, যেখানে ‘এ’ গ্রুপের শীর্ষ দল খেলবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই গ্রুপের বিপরীত অবস্থানের দল। ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দশম নারী এশিয়া কাপের।

এখন পর্যন্ত নারী এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। সাতবার শিরোপা জিতেছে তারা। শ্রীলংকা ও বাংলাদেশ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীলংকা পাঁচবার এবং ভারত ও পাকিস্তান দুবার করে রানার্স-আপ হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You