২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার এ সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

সফরে চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত কয়েকটি মেগা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে চাঁদপুর মেডিকেল কলেজ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্টদের মতে, এসব প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হলে জেলার শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এছাড়াও কৃষিখাতের উন্নয়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি খাল পুনঃখনন প্রকল্পেরও উদ্বোধন করা হবে।

সফরসূচি অনুযায়ী, বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্থানীয় সুধী সমাবেশে যোগ দেবেন এবং পরে একটি বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার আগমনকে কেন্দ্র করে জেলার সর্বত্র সাজসজ্জা ও প্রচারণামূলক কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে গতকাল পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জনসভা ও উদ্বোধন স্থল সরেজমিনে পরিদর্শন করেন। তিনি প্রস্তুতির সার্বিক খোঁজখবর নেন এবং কাজের মান ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের অক্টোবর মাসে চাঁদপুর সফর করেছিলেন। তার সফরটি জেলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হয়। ২০০৫ সালে তিনি চাঁদপুর সদর হাসপাতাল ও চাঁদপুর সেতুসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন। ২০০৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় বক্তব্য রাখেন। দেশব্যাপী তৃণমূল নেতাকর্মীদের সাথে গণসংযোগের অংশ হিসেবে ওই সময় তিনি চাঁদপুর সফর করেন।

আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। তিনি চাঁদপুর মেডিকেল কলেজ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন।

চাঁদপুর সরকারি কলেজ মাঠে এক বিশাল জনসভায় তিনি ভাষণ দেবেন, যেখানে ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন ও পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফর নির্বিঘ্ন করতে বিভিন্ন ভেন্যু পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বিজ্ঞাপন

Recommended For You