
বাংলা রিডার ডেস্ক
যুদ্ধ পরিস্থিতি নিরসন ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা।
হোয়াইট হাউজ জানিয়েছে, প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মহল বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখছে।
হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, আমি নিশ্চিত করছি, মার্কিন প্রেসিডেন্ট সোমবার (২৭ এপ্রিল) সকালে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকটি এখনো চলছে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নই। তবে ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হচ্ছে।
চলমান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ওয়াশিংটনের কাছে প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে এতে ইরান একটি শর্ত জুড়ে দিয়েছে। তাদের দাবি অনুযায়ী, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কিত আলোচনাগুলো এই মুহূর্তে নয়, বরং ভবিষ্যতের জন্য স্থগিত রাখতে হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছেন যে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। মুখপাত্র লেভিট বলেন, ইরানের বিষয়ে আমাদের প্রেসিডেন্টের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমাগুলো অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা



