
বাংলা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত কতদিন স্থায়ী হবে— তা নিয়ে ভাবছে না ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান লক্ষ্য নিজেদের নির্ধারিত উদ্দেশ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়া— এমনটাই জানিয়েছেন এক শীর্ষ ইরানি জেনারেল।
ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার্স হায়দারি বুধবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যুদ্ধ কতদিন চলবে, তা আমাদের বিবেচ্য বিষয় নয়। আট বছরব্যাপী ইরাক-ইরান যুদ্ধের অভিজ্ঞতা আমাদের রয়েছে। বর্তমান যুদ্ধও আমরা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চালিয়ে যাব এবং যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দেওয়া হবে।”
ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘Operation Epic Fury’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েল ‘Operation Roaring Lion’ নামে পৃথক অভিযান শুরু করে।
টানা ছয় দিন ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষ নিহত এবং পাঁচ হাজারের বেশি আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
সূত্র: আল জাজিরা



