বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

বাংলা রিডার ডেস্ক
লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্যবস্তু করা হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এ হুমকি দেন।

বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে সম্ভাব্য ইসরায়েলি হামলার প্রসঙ্গে শেকারচি বলেন, ‘ইসরায়েল’ নামের ‘অপরাধী রাষ্ট্র’ বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির প্রতি অগ্রাহ্য আচরণের প্রমাণ দিয়েছে।

তিনি দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান পর্যাপ্ত সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনা ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে সংযম বজায় রেখেছে।

শেকারচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই।

ইসরায়েলের হুমকির জবাবে তিনি সতর্ক করে বলেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনো আঘাত এলে ইরান বিশ্বজুড়ে সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, ‘যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনো আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে তার পাল্টা জবাব দেব।’

চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ‘পরাস্ত করার’ অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন শেকারচি। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে একচুলও সরে আসবে না।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, এএফপি।

বিজ্ঞাপন

Recommended For You