‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা রিডার ডেস্ক
জনগণের চিকিৎসাসেবা সহজলভ্য করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, ই-হেলথ কার্ড চালুর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া—এ কথা উল্লেখ করে এ বিষয়ে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহার করার বিষয়েও আলোচনা হয়।

অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধু এলজিইডিরই ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি ও অধীনস্থ প্রতিষ্ঠানের এসব ভবন ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।

সভায় দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও উঠে আসে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম হচ্ছে—যা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী (যার মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ) নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You