
বাংলা রিডার ডেস্ক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব উত্থাপিত হলে প্রধানমন্ত্রী রসিকতার ছলে বলেন, মশা মারার কৌশল শিখতে আমেরিকায় যাওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে চাইলে সন্ধ্যার পর কোনো ডোবা বা জলাবদ্ধ এলাকার পাশে কিছুক্ষণ দাঁড়ালেই মশার প্রকৃতি ও বিস্তার সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হলে তিনি এ মন্তব্য করেন।
জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচজন কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সফরটি বিদেশি প্রতিষ্ঠান Valent BioSciences LLC-এর অর্থায়নে হওয়ার কথা ছিল।
প্রস্তাবটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে এ বিষয়ে মতামত প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’



