জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান, দেশজুড়ে মানবিক কর্মসূচি

বাংলা রিডার ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দলের প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপি নেতারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন ধারণ করে দল ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।

এদিকে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ব্যাপক মানবিক কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি সংসদীয় আসনে পৃথকভাবে বিতরণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্র থেকে পর্যায়ক্রমে হাজারো নিম্নআয়ের মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব মানবিক কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন। বেলা সাড়ে ১১টার পর তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত থাকেন।

বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত একটি বৃহৎ গণখাদ্য বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সেখানে দলের পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠন যৌথভাবে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেওয়া এই কর্মসূচি শুধু স্মরণ নয়, বরং জনগণের পাশে দাঁড়ানোর একটি সামাজিক অঙ্গীকার হিসেবেও পালন করা হচ্ছে। সারাদেশে একই ধরনের দোয়া, আলোচনা সভা ও মানবিক কার্যক্রম চলমান রয়েছে।

 

বিজ্ঞাপন

Recommended For You