
বাংলা রিডার ডেস্ক
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। এ উপলক্ষে হজযাত্রীদের বহনকারী প্রথম ফিরতি ফ্লাইট শনিবার (৩০ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সকাল ১১টায় ঢাকায় পৌঁছায়। এর মধ্য দিয়ে চলতি বছরের হজযাত্রীদের দেশে ফেরার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
ধাপে ধাপে নির্ধারিত ফ্লাইটে আগামী দিনগুলোতে বাকি হজযাত্রীরাও দেশে ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিমানবন্দরে আগত যাত্রীদের স্বাগত জানাতে স্বজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী। ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।
এর আগে শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা।
গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আবর পৌঁছায় ২১ মে।
এবছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন মসৃণ করার জন্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে যেতে পেরেছেন।



