
বাংলা রিডার ডেস্ক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার (৩ মার্চ) ইরানি রেড ক্রিসেন্টের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ হামলায় হাজার হাজার মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এর আগে রোববার (১ মার্চ) রেড ক্রিসেন্ট জানিয়েছিল, মাত্র ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৭ জন নিহত হয়েছেন।
এদিকে, ইরানের মিনাব এলাকায় মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটি।
শনিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের যৌথ হামলা চালায়। এতে খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এর পর থেকে ইরান ও তার মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে।
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এর অংশ হিসেবে তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে।
সবশেষ, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলার খবর পাওয়া যায়।



