সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা রিডার ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে রমজান উপলক্ষে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের বিপুল সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে যেন কোনো ধরনের প্রভাব বা স্বজনপ্রীতি কাজ না করে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়—সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী।

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় মধ্যপ্রাচ্যে শ্রমবাজার উন্মুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আমলে তা অব্যাহত ছিল। তবে পরবর্তী সময়ে নানা কারণে কিছু শ্রমবাজার সংকুচিত হয়েছে। এসব বাজার পুনরায় উন্মুক্ত করতে প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের প্রস্তাবও উত্থাপন করা হয়েছে।

এ ছাড়া সরকার আগামী ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

Recommended For You