
বাংলা রিডার ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে বড় জয়ের পর মঙ্গলবার সরকার গঠন করেছে দলটি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা Reuters ‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরে এসে বিএনপি দক্ষিণ এশিয়ার এই দেশে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করল।
একই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম BBC News। তারা জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি এবং দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথবাক্য পাঠ করান দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ১৮ মাসের অন্তর্বর্তী সময় শেষে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলো।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম The Guardian উল্লেখ করেছে, ভূমিধস জয়ের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera জানায়, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের পর প্রথম নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বিএনপি চেয়ারম্যান।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা Anadolu Agency জানিয়েছে, তারেক রহমান দক্ষিণ এশিয়ার দেশটির ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম The Hindu লিখেছে, সাধারণ নির্বাচনে বড় জয়ের কয়েক দিনের মধ্যেই ৬০ বছর বয়সী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নতুন সরকারের শপথকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন বিশেষভাবে আলোচিত হচ্ছে।



