
বাংলা রিডার ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় নিয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচনের পর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সঙ্গে জোট সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই বিএনপির। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৬০ বছর বয়সী তারেক রহমান দীর্ঘ প্রায় দুই দশক লন্ডনে নির্বাসিত থাকার পর গত ডিসেম্বর দেশে ফেরেন। ছাত্র-জনতার আন্দোলনে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশে ফিরে আসেন। শেখ হাসিনা ছিলেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে দলটির পুনরুত্থান ঘটেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই দুই দল জোট সরকার গঠন করে দেশ শাসন করেছিল। এরই মধ্যে জামায়াত জানিয়েছে, দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা আবারও জোট সরকার গঠনে আগ্রহী।
তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?” তিনি আরও বলেন, “আমি জানি না তারা কতটি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তাহলে আমি আশা করি তারা একটি ভালো বিরোধী দল হবে।”
তারেক রহমানের সহযোগীরা জানিয়েছেন, ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাওয়ার বিষয়ে বিএনপি আশাবাদী। এবারের নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি আসনগুলোতে তাদের জোট শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছে।
তবে বিএনপি ঠিক কতটি আসনে জয় পেতে পারে—সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করতে চাননি তারেক রহমান। তিনি বলেন, সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন তারা পাবে বলে আত্মবিশ্বাসী।
সাম্প্রতিক জনমত জরিপগুলোতেও বিএনপির জয়ী হওয়ার আভাস পাওয়া গেছে। তবে একই সঙ্গে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও জরিপে উল্লেখ করা হয়েছে। তরুণদের নেতৃত্বে হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে আসা জেন-জিদের এনসিপি পার্টিও জামায়াত নেতৃত্বাধীন জোটের হয়ে নির্বাচনে লড়ছে।



